ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক। তার দাবি, গত ১৭ বছরের তুলনায় এখন পত্রিকার পাতায় গুম, খুন কিংবা ব্যাংক লুটের মতো ঘটনার খবর আর দেখা যায় না।
বুধবার (২৯ জুলাই) বিকেল এবং বৃহস্পতিবার ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, খুন, হয়রানি, রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মদদে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতি হয়নি বলেও তিনি দাবি করেন। তবে ব্যক্তিগতভাবে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।
ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু গ্যাস থাকলেই শিল্প গড়ে ওঠে না। শিল্প বিকাশে ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, আইন-শৃঙ্খলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি জানান, সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর পিপিপি পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। একইভাবে ভোলায় মেডিকেল কলেজ স্থাপনেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
নদীভাঙন প্রসঙ্গে পার্থ বলেন, ভোলার শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান থাকলেও কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। নদীর গতি-প্রকৃতি ও কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ জনবলের সংকট এবং ওষুধের ঘাটতির বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।