‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী



‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা ভালো কাজ করছেন, তাদের যথাযথ স্বীকৃতি, পুরস্কার ও উৎসাহ দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মানিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।


মন্ত্রী বলেন, এর আগে মাত্র ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। তবে শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রমের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মধ্য থেকে ১০০ জনকে বাছাই করে প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।


শিক্ষকদের আচরণবিধি প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকরা তাদের শিক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ আচরণের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।


সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য