মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ এই খেতাব অর্জন করেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। সেখানেই জোহেইরির মাথায় ওঠে বিজয়ের মুকুট।
জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেন। ওই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।
ফ্যাশন ও মডেলিং জগতের পরিচিত মুখ জোহেইরি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সৌন্দর্যচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।
চূড়ান্ত অনুষ্ঠানে গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরির মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।
মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি। পাশাপাশি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচিরও প্রতিনিধিত্ব করবেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।