প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে এখনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফরের সম্ভাবনা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলেও জানান তিনি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে বাংলাদেশের যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়া হবে।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে।