সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী শক্তি দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের ‘ভোট ব্যাংক’ হিসেবে বিবেচনা করত। সেই ভ্রান্ত ধারণা ও মিথ দেশের সনাতন ধর্মাবলম্বীরাই ভেঙে দিয়েছেন।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মানুষের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ওপর দেওয়া হয়েছে। রাষ্ট্র এ স্বাধীনতা নিশ্চিত করবে।


তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সব ধর্মাবলম্বীর উপাসনালয়, উপাসনালয়ের দায়িত্বশীলদের স্বাধীনতা এবং ধর্মীয় উপাসনালয় স্থাপনের অধিকারও নিশ্চিত করা হয়েছে।


সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু সংবিধান বা আইনে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়গুলো লিখে রাখলেই হবে না। বাস্তব জীবনেও এসব অধিকার ও সম্প্রীতি নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে সবাই বাংলাদেশের নাগরিক। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নৃগোষ্ঠীর মানুষ—সবাই নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার স্বাধীনভাবে পালন করবেন। জাতীয় পরিচয়ে সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিই হবে প্রধান পরিচয়। এ প্রসঙ্গে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ ধারণার কথা উল্লেখ করে বলেন, জাতীয় পরিচয়ের ক্ষেত্রে সবাই আগে বাংলাদেশি, এরপর ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক পরিচয়।


তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কাউকে নিজেকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকে সমান অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেবেন। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই পরিচয় হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও সহাবস্থান বজায় রাখতে হবে। এ জন্য মানুষের মধ্যে বিভাজন নয়, পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য