বিএনপির ব্যাংকে কত টাকা আছে, জানালেন রিজভী

বিএনপির ব্যাংকে কত টাকা আছে, জানালেন রিজভী

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব (অডিট রিপোর্ট) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এ হিসাব জমা দেয়।

প্রতিনিধি দলে বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপির জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা। বর্তমানে দলের ব্যাংক হিসাবে জমা রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা এবং হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলের মোট স্থিতি দাঁড়িয়েছে ২৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা।

আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে রুহুল কবির রিজভী জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দলের ব্যয়ের বড় খাতগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিকে আর্থিক সহায়তা, বিভিন্ন জেলায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার ও লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি ক্রয়, জনসভা ও আলোচনা সভার আয়োজন, হলভাড়া, পত্রিকার ক্রোড়পত্র প্রকাশ, রমজানের ইফতার মাহফিল এবং বিভিন্ন দাপ্তরিক ব্যয়।

রিজভী আরও জানান, বছরের শুরুতে দলের প্রারম্ভিক স্থিতি ছিল ২১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৩৫ টাকা। আয়-ব্যয় শেষে ব্যাংকে জমা অর্থের পরিমাণ বেড়ে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত করা হয়েছে। দলের নিরীক্ষক হিসাব যাচাই করেছেন, কোষাধ্যক্ষ তদারকি করেছেন এবং দলের চেয়ারম্যান ও মহাসচিবের অনুমোদন ও স্বাক্ষরের পর তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতিষ্ঠার অংশ হিসেবেই প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের আয়ের উৎস ও ব্যয়ের খাত জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির তথ্য অনুযায়ী, নির্বাহী কমিটির চাঁদা, বই-পুস্তক বিক্রি, প্রাথমিক সদস্যপদ ও মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান এবং ব্যাংক আমানতের সুদসহ বিভিন্ন উৎস থেকে ২০২৫ সালে মোট ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা আয় হয়েছে। অন্যদিকে ব্যক্তিকে আর্থিক সহায়তা, ত্রাণ বিতরণ, প্রচারসামগ্রী প্রকাশ, দলীয় কার্যক্রম পরিচালনা, জনসভা, আলোচনা সভা, ইফতার মাহফিল ও দাপ্তরিক বিভিন্ন খাতে মোট ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা ব্যয় হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য