বিদ্বেষমূলক বক্তব্য না থাকলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। একই সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে আমিনুল ইসলাম জানান, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলাগুলোর বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা হতে পারে।
আইন অনুযায়ী পলাতক আসামিদের বিচার কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, পলাতক আসামিদের আটক না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। তবে সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার আদেশসহ অন্যান্য সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে।