আওয়ামী লীগ ইস্যুতে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি

বিভাগ: রাজনীতি রিপোর্টার: অনলাইন ডেস্ক 04 Jul 2026, 02:11 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
আওয়ামী লীগ ইস্যুতে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি

আওয়ামী লীগের বিচার নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, অভিযুক্তদের বিচার সম্পন্ন করে রায় কার্যকর করা হলে জুলাই গণঅভ্যুত্থানকে আর কেউ বিতর্কিত করতে পারবে না।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করার দায়িত্ব সরকারকে নিতে হবে। দলটির মতে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আরও সুসংহত হবে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচিরও ঘোষণা দেয় এনসিপি। দলটির নেতারা জানান, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষা—এই তিনটি বিষয়কে সামনে রেখে ‘জুলাই পদযাত্রা’ আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে যে ১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে, সেসব এলাকাতেই পর্যায়ক্রমে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

এনসিপি আরও ঘোষণা দেয়, আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে আয়োজিত কৃষক সমাবেশের মাধ্যমে ‘জাতীয় কৃষকশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। দলটির দাবি, কৃষকদের অধিকার, কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন এই প্ল্যাটফর্ম কাজ করবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel