৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ২০২৩ সালের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা পিএসসির বাধ্যবাধকতা।
রোববার (২ আগস্ট) এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির কিছু পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
শুনানিতে পিএসসির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী বিসিএসের ফল প্রকাশের পর আগের বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব নয়।
তবে আদালত এ যুক্তি গ্রহণ না করে রায়ে বলেন, ২০২৩ সালের বিধিমালার আওতায় সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মেধা তালিকা প্রকাশের পর সরকারি দপ্তরগুলোর শূন্য পদের চাহিদা, প্রার্থীদের পছন্দ এবং মেধাক্রমের ভিত্তিতে দ্রুত নন-ক্যাডার পদে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।