৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০২
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিনটি শর্তে পুনর্বহাল করেছে সরকার। এর ফলে প্রায় দেড় মাস পর শর্তসাপেক্ষে হাসপাতালটি পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি পেল।


সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করলে তা সন্তোষজনক বিবেচনা করে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।


তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির ক্ষেত্রে সরকার তিনটি শর্ত আরোপ করেছে। শর্তগুলো হলো—


১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।


২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।


৩. ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


এর মাধ্যমে সরকারের নির্ধারিত শর্ত মেনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য