সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও বিভিন্ন দপ্তরে নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত পরীক্ষায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিটির সদস্য, পরীক্ষক এবং সংশ্লিষ্টদের সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন, লিখিত ও মৌখিক পরীক্ষা পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, পুনর্মূল্যায়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট হারে সম্মানি দেওয়া হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানি নির্ধারণ করা হয়েছে। একইভাবে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভায় জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞরা প্রতিদিন ৬ হাজার টাকা করে সম্মানি পাবেন।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি পূর্ণাঙ্গ উত্তরপত্রের জন্য ১৩০ টাকা এবং প্রতিটি এমসিকিউ বা অবজেকটিভ উত্তরপত্র মূল্যায়নের জন্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতি খাতায় ১৫ টাকা এবং পুনর্মূল্যায়নের ক্ষেত্রে প্রতি খাতায় ৫০ টাকা করে সম্মানি দেওয়া হবে।
পরীক্ষা পরিচালনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও গ্রেডভিত্তিক সম্মানির হার নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতিদিন ১ হাজার টাকা করে সম্মানি পাবেন।
লিখিত পরীক্ষার কেন্দ্র পরিচালনার ক্ষেত্রেও নতুন সম্মানি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান অথবা তার মনোনীত সমন্বয়কারী এককালীন ৩ হাজার ৫০০ টাকা এবং কেন্দ্র পরিদর্শক প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা সম্মানি পাবেন।
এছাড়া পরীক্ষা পরিচালনার বিভিন্ন আনুষঙ্গিক ব্যয়ের হারও নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত বাবদ ১২ টাকা এবং প্রশ্নপত্র প্রস্তুত, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয় করা যাবে।
ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডি-কোডিংয়ের জন্য ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডি-কোডিংয়ের জন্য ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলম ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় করা যাবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় সরকারের বিদ্যমান ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ এবং সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী বহন করতে হবে।
এতে আরও বলা হয়েছে, এসব ব্যয় সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রমের জন্য বরাদ্দকৃত বাজেট থেকেই নির্বাহ করতে হবে। এ উদ্দেশ্যে কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। একই দিনে একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র প্রণয়নকারী, নির্বাচন কমিটির সদস্য বা বিশেষজ্ঞরা দৈনিক একটির বেশি সম্মানি গ্রহণ করতে পারবেন না বলেও পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।র