শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: শিক্ষামন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:১৭
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: শিক্ষামন্ত্রী



শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে।


মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার ইতোমধ্যে স্কুল ড্রেস ও মিডডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে দেশের সব উপজেলাকে মিডডে মিল কর্মসূচির আওতায় আনা হবে।


শিক্ষাক্রমে নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে।


এ ছাড়া ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামেও ‘খেলাধুলা’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেশীয় খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করতে হলে তাদের আনন্দময় পরিবেশে শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংখ্যা বাড়ানো এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সরকার কার্যকর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।


জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য