দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। সার সংকটের কথা বলে যে আলোচনা হচ্ছে, সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আমিন উর রশিদ বলেন, যারা সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই, বরং উদ্বৃত্ত রয়েছে।
পেঁয়াজের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। দেশে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এ উদ্যোগের আওতায় প্রায় তিন লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে।
তিনি বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। আগামী বছর থেকে যাতে কাঁচা মরিচ আমদানি করতে না হয়, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে। পাশাপাশি টমেটো ও আদার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৃষিমন্ত্রী আরও জানান, এখন থেকে প্রতি মাসে সাড়ে তিন থেকে চার লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।