রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৩৭
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে।


মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।


মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াতের পর স্পিকার তাকে শপথবাক্য পাঠ করাবেন।


এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়।


বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।


নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।


ভোট গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন ফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে।


প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হলো। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য