মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি একই পদে বহাল থাকবেন বলে জানা গেছে।
এ ছাড়া মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন মুখ যুক্ত হচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রী করা হতে পারে। আর বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
এ ছাড়া বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা রয়েছে। আরও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন।