নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্যও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গভবনে উপস্থিত হন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এ ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।