২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠিয়েছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসির কাছে এ তালিকা পাঠানো হয়।
ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এর আগে সংসদ সচিবালয়ের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চেয়েছিল ইসি। সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছিলেন।
গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পাঠানোর জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করা হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে আলোচনা করা হবে।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন।