দেশের অর্থবছরের প্রচলিত সময়সীমায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও ২০২৮ সাল থেকে তা পরিবর্তন করে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর হওয়ায় বর্ষাকালের সঙ্গে দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের একটি বড় অংশ মিলে যায়। এতে বিভিন্ন প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের বড় অংশ শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণকে যুক্তিযুক্ত মনে করছে সরকার।
অর্থবছর পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।
এ জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন করতে হবে। পাশাপাশি অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায়ও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
### ৯ মাসের হবে ২০২৭-২৮ অর্থবছর
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে পরিবর্তনের মধ্যবর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছরটি জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত মোট ৯ মাসের হবে।
এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর গণনা করা হবে এবং সরকারের সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।