অনুশ্রীর স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:০৫
অনুশ্রীর স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশের গান বিভাগে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুশ্রীর চিঠিতে উল্লেখ করা হারমোনিয়ামটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বাবা-মাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী।


সাক্ষাতে প্রধানমন্ত্রী স্নেহভরে অনুশ্রীর সঙ্গে কথা বলেন। তিনি তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় নতুন হারমোনিয়ামে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান শোনায় অনুশ্রী।


জানা যায়, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি চিঠি লিখেছিল অনুশ্রী। চিঠিতে সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানায় সে।


ওই চিঠির পরিপ্রেক্ষিতেই অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।


এ বিষয়ে অনুশ্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে প্রধানমন্ত্রী ডেকে উৎসাহ দেবেন—এটা আমরা কখনো কল্পনাও করিনি। বিভিন্ন সময় মেয়েকে প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক কার্যক্রম ও মানুষের পাশে দাঁড়ানোর গল্প বলতাম। এরপর থেকেই অনুশ্রীর বিশ্বাস জন্মায়, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলে হয়তো তাঁর কাছ থেকেও সাড়া পাওয়া যাবে।’


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর কাছ থেকে হারমোনিয়াম উপহার পেয়ে অনুশ্রী ও তার পরিবার গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


পরিবারের সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় আরও অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে এই উৎসাহ তাকে আরও সাহসী করে তুলবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য