মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা স্থাপনের ফলে পরিবহন খাতে চাঁদাবাজিও কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে মালিক বা শ্রমিক পক্ষের যে চাঁদাবাজিই হোক না কেন, ক্যামেরার মাধ্যমে তা রেকর্ড থাকবে। এতে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে।
তিনি আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না। থ্রি-হুইলারগুলো বাজার, ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে গাড়ি চলাচলের মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।