বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এদিকে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে ইরান তা গ্রহণ করবে বলেও জানান তিনি।
মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়েও তেহরানের কোনো আপত্তি নেই বলে জানান ইরানের রাষ্ট্রদূত।