দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া ৫০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।