এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্যাসের সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের অর্থ জনগণের কাছে ফিরিয়ে দিচ্ছেন। এর উদাহরণ হিসেবে তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, গণতন্ত্রের পথ উন্মুক্ত করতে ২০১৮ সাল থেকে তারেক রহমান দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত নির্যাতনের শিকার মানুষের সঙ্গে যোগাযোগ করে দেশ রক্ষার কাজে যুক্ত হয়েছেন।
শেখ হাসিনা সরকারের সমালোচনা করে রিজভী বলেন, মেগা প্রকল্পের নামে কিছু কাজ করা হলেও বাকি অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং দলের নেতাকর্মীরা তা আত্মসাৎ করেছেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের অনেকেই সরকারের সমালোচনা করলেও তাদের কেউ গুম হচ্ছেন না। এটিই গণতন্ত্রের উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, তারেক রহমানের পাঁচ বছরের পরিকল্পনা ছাত্রসমাজসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে হবে। তার বাবা-মা যে অঙ্গীকার নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন, তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন।