চিকিৎসা সংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করতে পারেন তিনি। পদত্যাগের পর চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এমন গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
বঙ্গভবন-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্পিকার দেশে ফেরার পর রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগপত্র কবে তার কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।