বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থীও বৈরী আবহাওয়া ও অন্যান্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই মানবিক ও বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়নে ভুলের ঘটনায় দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি ছিল, তার কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য