বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে ধীরে ধীরে কার্যকর পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, বিএনপিকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে, ততবারই কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা এসব কাজে বাধা সৃষ্টি করে রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে এবং দেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছেন। এই বিদ্যুৎ সংকট স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপের ফল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হবে। ওই অধিবেশনে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হবে।
নারীদের শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি।
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে।