কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৭-২০২৯ খ্রিস্টাব্দ মেয়াদের জন্য স্থাবর সম্পত্তির শ্রেণী ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলার সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য। এছাড়া উক্ত সভায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম ও সদস্য সচিব মোঃ শাহাজান আলী বক্তব্য রাখেন।
এছাড়া সভায় স্থানীয় সাংবাদিক, ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার), দলিল লেখক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন এবং মূল্য নির্ধারণ বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে যেসকল স্থানে জমির মূল্যে দৃশ্যমান তারতম্য রয়েছে শুধুমাত্র সেই সকল স্থানে ‘ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক’ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।