সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া সিআরবিসি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে চড়িয়া সিআরবিসি বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াত নেতা আলী হাসান। তিনি বলেন, চড়িয়া সিআরবিসি বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় আব্দুল হাকিম একটি হোটেল পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি।
পরে স্থানীয় জনতা ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
আলী হাসান আরও বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলীসহ স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তিকে জড়ানো হয়েছে। তাদের দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন।
তারা অভিযোগ করেন, ঘটনাটিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি হয়েছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, আহম্মদ আলী, আনোয়ার হোসেন সুরতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।