রোহিঙ্গা সংকট ও ভ্যাকসিন উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের আলোচনা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
রোহিঙ্গা সংকট ও ভ্যাকসিন উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ দূতের আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে রোহিঙ্গা সংকট, প্রত্যাবাসন এবং সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে ইয়োহেই সাসাকাওয়া জানান, প্রায় পাঁচ দশক ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন তিনি। মিয়ানমারে জাতীয় পুনর্মিলন প্রক্রিয়ায় জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার দায়িত্ব ও ভূমিকার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি।


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রসঙ্গে জাপানের বিশেষ দূত বলেন, দীর্ঘদিন ধরে চলা এই সংকট বাংলাদেশের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত রয়েছেন বলেও জানান। রোহিঙ্গাদের জন্য জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অনুদান ও মানবিক সহায়তার বিষয়ও বৈঠকে তুলে ধরেন তিনি।


ইয়োহেই সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গেও তার আলোচনা হয়েছে। তার ধারণা, সংকট সমাধানে মিয়ানমার সরকারের আগ্রহ রয়েছে। তবে রাখাইন প্রদেশের বর্তমান পরিস্থিতি জটিল হওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি আনতে আরও সময় প্রয়োজন হতে পারে।


জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অন্যতম বড় জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমনিতেই ঘনবসতিপূর্ণ একটি দেশ। এর মধ্যে দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, অবকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।


রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।


তারেক রহমান বলেন, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে। প্রত্যাবাসনের পর মিয়ানমারে তাদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।


বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান।


প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন ইয়োহেই সাসাকাওয়া।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য