রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংস্কারকাজ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জায়গায় টাঙানো অন্য সংগঠনের সাইনবোর্ড সরিয়ে পুনরায় ক্লিনিকের নিজস্ব সাইনবোর্ড লাগানো হয়েছে। সংস্কারকাজের মধ্যেও খোলা আকাশের নিচে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিকটিতে পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু হয়। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে হামলার পর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিতে এটি সংস্কারকাজের চতুর্থ দিন।
ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কারকাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার উপযোগী করে কেন্দ্রটি প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।
এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর প্রতিষ্ঠানটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।