ধ্বংসস্তূপ সরিয়ে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসা, দেওয়া হচ্ছে শিশুদের টিকা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
ধ্বংসস্তূপ সরিয়ে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসা, দেওয়া হচ্ছে শিশুদের টিকা


রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু রয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ চললেও শিশুদের হাম-রুবেলার টিকা এবং গর্ভবতী মায়েদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্যকেন্দ্রটি ঘুরে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মীরা ভাঙচুরের ধ্বংসাবশেষ সরাচ্ছেন। এর মধ্যেই স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিচ্ছেন।


স্বাস্থ্যকর্মীরা জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন রোগী এই কেন্দ্র থেকে সেবা নিতেন। হামলার পর অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীরা ভোগান্তিতে পড়েছেন।


প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার জানান, বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে।


তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে সরকার। তবে স্বাস্থ্যকেন্দ্রে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না থাকায় সেবা দিতে সমস্যা হচ্ছে।


এদিন স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা দেখে তিনি একে গাজার ধ্বংসযজ্ঞের সঙ্গে তুলনা করেন।


ফুয়াদ বলেন, বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের পরিবারের সদস্যরা এই প্রতিষ্ঠানের সেবা নেন। এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, লোকদেখানো গ্রেপ্তার নয়, অপরাধের সঙ্গে নিজ দলের কেউ জড়িত থাকলেও তাঁকে গ্রেপ্তার করতে হবে।


রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিব হোসেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য