জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ



রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।


এর আগে রবিবার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।


শুনানিতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ অন্য আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।


তদন্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম আসামিদের নাম-ঠিকানা যাচাই, ঘটনার তদন্ত এবং সম্ভাব্য অপরাধসংশ্লিষ্টতা খতিয়ে দেখার স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানান।


পুলিশের আবেদনে বলা হয়, শনিবার বিকেলে পল্টনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন বলে খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।


পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনাস্থলে তাঁদের উপস্থিতি ও কর্মকাণ্ড সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাঁরা কোনো আমলযোগ্য অপরাধে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।


তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অপরাধ প্রমাণিত হয়েছে—এমন তথ্য আদালতের আদেশে উল্লেখ করা হয়নি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য