সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ের মধ্যে যাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না, তাঁদের বিষয়েও কাজ চলবে বলে জানান তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের মধ্যে এখনো ৮১৭ জনের নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। আগামী ১ অক্টোবরের মধ্যে তাঁদের নিয়োগপত্র দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করা হয়। এ সময় ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া যায়।
তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিয়োগপত্র ইস্যু করেন। তবে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই এবং অনেকের ঠিকানা পরিবর্তনের কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হয়েছে। এসব বিষয় পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, যাঁদের নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তাঁদের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনায় রাখা হয়েছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা নিয়োগপত্র পাবেন না, তাঁদের বিষয়েও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।