পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, শিক্ষামন্ত্রীর প্রতি প্রশ্ন রিজভীর

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 02:03 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, শিক্ষামন্ত্রীর প্রতি প্রশ্ন রিজভীর

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে কোনো সমস্যা হতো না। তিনি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে পানিতে পড়ে গেছে। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো? কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিন।”

তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলমান থাকায় অনেক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হচ্ছে। তিনি বলেন, “আজ পানি ডিঙিয়ে এখানে আসতে হয়েছে। এটি ভয়ংকর রকমের দুর্ভোগ।”

রিজভী আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি বন্যার পানির কারণে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, সেটি অত্যন্ত দুঃখজনক হবে। তাই জনগণের প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি অবিলম্বে পরীক্ষা স্থগিত করার আহ্বান জানান। তার ভাষায়, পানি কমে গেলে পরে পরীক্ষা নেওয়া সম্ভব।

এর আগে দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। তার অভিযোগ, তথাকথিত উন্নয়নের আড়ালে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাশাপাশি পরিবেশবিদদের আপত্তি উপেক্ষা করে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে বন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

কিশোরগঞ্জের হাওরের ওপর দিয়ে সড়ক নির্মাণের সমালোচনা করে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য নির্মিত ওই সড়কের কারণে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতারা, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা এবং ব্যক্তিস্বার্থে নির্মিত কালভার্টের কারণে জলাবদ্ধতা বেড়েছে। এসব খাল দখলমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য