ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণ ও পরিচালনায় সুনির্দিষ্ট নির্দেশনা দিতে কাজ করছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক বন্ধ করার পরিকল্পনা নয়, বরং এগুলোকে কীভাবে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালিবিধির ৭১ ধারায় দেওয়া নোটিশের ওপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে উত্থাপিত নোটিশে শওকত আরা আক্তার দেশের পরিবহন খাতকে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর ব্যবস্থায় রূপান্তরের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশের মোট কার্বন নিঃসরণের প্রায় ৯ শতাংশ আসে পরিবহন খাত থেকে। বিশেষ করে ডিজেলচালিত বাস ও ট্রাক সবচেয়ে বেশি দূষণ সৃষ্টি করে। তাই পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি সিএনজি, এলএনজি, বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সম্পূরক প্রশ্নে তিনি উল্লেখ করেন, রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা দ্রুত বাড়ছে। এসব যান পরিবেশবান্ধব এবং স্বল্প ব্যয়ে চলাচলের সুযোগ সৃষ্টি করলেও অনিয়ন্ত্রিত পরিচালনা, অদক্ষ চালক, প্রশিক্ষণ ও লাইসেন্সের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে যানজট, দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তিনি জানতে চান, এসব যানবাহন বন্ধ না করে কোনো কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এনে মানোন্নয়ন ও শৃঙ্খলার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
জবাবে সেতুমন্ত্রী বলেন, রাজধানীর ব্যাটারিচালিত যানবাহনের বিষয়টি মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের আওতাধীন। ফলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ সীমিত। তবে রাজধানীতে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, ঢাকা সিটিসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও অনুরূপ যানবাহনের ব্যবস্থাপনা কীভাবে কার্যকরভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হবে। সেই নির্দেশনার আলোকে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।