আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং ধাপে ধাপে নির্ধারিত সব পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেটের ভিত্তিতে আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলার প্রায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। এই উদ্যোগের মাধ্যমে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, নারীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে এবার থেকে অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ এবং ভালো ফলাফলকারী ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে।
সরকারের লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের বৈষম্য নয়—মানবিক মূল্যবোধের ভিত্তিতে সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। জনগণের সহযোগিতা থাকলে উন্নয়নের পথে কোনো বাধাই সরকারকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।