আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 06:45 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম

আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ক্যাম্পাসে পৌঁছান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই প্ল্যাটফর্ম উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়াবে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করবে।

উল্লেখ্য, এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য