এআই ক্যামেরার পর রাজধানীর ট্রাফিকে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 06:21 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
এআই ক্যামেরার পর রাজধানীর ট্রাফিকে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বিস্তৃত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি তুলনামূলক কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই প্রযুক্তির মাধ্যমে রাজধানীর আরও বেশি এলাকায় নজরদারি বাড়িয়ে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার আশা করছে সংস্থাটি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর ব্যয় তুলনামূলক বেশি। তাই কম খরচে দ্রুত নজরদারির পরিধি বাড়াতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, এসব ক্যামেরার মাধ্যমে রাজধানীর আরও বিস্তৃত এলাকায় ট্রাফিক পর্যবেক্ষণ সম্ভব হবে। একই সঙ্গে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে ডিএমপি।

ভবিষ্যতে যানজট নিরসনে নতুন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনার বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এআই প্রযুক্তির পাশাপাশি ‘প্লাগ অ্যান্ড প্লে’ সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কম খরচে বেশি সংখ্যক ক্যামেরা স্থাপন করা গেলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।’

তিনি আরও বলেন, এআই ক্যামেরা চালুর মাত্র দুই মাসের মধ্যেই নগরবাসীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন, সিগন্যাল অনুসরণ করছেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছেন। ফলে কাউকে জোর করে আইন মানানোর প্রয়োজন হচ্ছে না।

রাজধানীর যানজটের কারণ ব্যাখ্যা করে ট্রাফিকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ঢাকায় যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন একসঙ্গে চলাচল করায় মিশ্র যানব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বৃদ্ধি এবং যানবাহনের অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি জানান, রাজধানীতে বিপুলসংখ্যক আনফিট যানবাহন চলাচল করছে। পাশাপাশি একটি আধুনিক ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা এখনো পুরোপুরি গড়ে না ওঠায় যানজট নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

পথচারীদের অনিয়মিত রাস্তা পারাপারও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় সমস্যা বলে উল্লেখ করেন আনিছুর রহমান। তিনি বলেন, অনেকেই ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে যত্রতত্র রাস্তা পার হন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

তিনি আরও বলেন, বিশ্বজুড়েই ট্রাফিক ব্যবস্থাপনা শুধু চালক, মালিক বা ট্রাফিক পুলিশের ওপর নির্ভর করে না; সড়ক ব্যবহারকারী, বিশেষ করে পথচারীদের সচেতনতা ও আচরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজধানীর কোথায়, কখন যানজট বেশি হয় সে বিষয়ে ডিএমপির স্পষ্ট ধারণা রয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুসারে ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়।

আনিছুর রহমান জানান, ঢাকার প্রায় ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪ ঘণ্টা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে। তবে ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে শুধু ম্যানুয়াল পদ্ধতি নয়, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনার ওপরই এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য