কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে মাদক সেবনের দায়ে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। অপর নয়জনকে মাদক সেবনের অভিযোগে আদালতে পাঠানো হচ্ছে। এছাড়া মাদক বিক্রির অভিযোগে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সুমন তালুকদারের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল্লাহ মাসুদ, এসআই (নিরস্ত্র) আব্বাস কবির, এএসআই (নিঃ) মহসিন আলম, এএসআই (নিঃ) তানজিদ, এএসআই (নিঃ) কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স ধামঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মিজানের বাড়িতে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদাকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পদুয়া এলাকার মোঃ আদু মিয়া (৩২), মোঃ সিয়াম (২০) ও মোঃ মহসিন (২১)কে আদালতে পাঠানো হলে আদালত তাদের মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে সায়েম (২০), জামাল হোসেন (৪৫), মোঃ ইউসুফ (২০), আবুল কালাম টিটু (৫১), মোঃ মাশরুফ (১৯), গোলাম মোস্তফা (২৪), রিয়াজুল (২৪), রতন চন্দ্র নট্ট (৪০) ও আমির হোসেন (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মাদক সেবনের অভিযোগে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।