কুমিল্লার লাকসামে রবিবার (১৬ আগষ্ট) সারাদেশের ন্যায় মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেল ৪ টায় লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম থানা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি, লাকসাম সার্কেল) সনদ বড়ুয়া।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হাসেম মানু, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন মিলন, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. ফজলে রাব্বী, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক সুভাষ বনিক প্রমুখ।
সমাবেশের সভাপতি লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাগত বক্তব্যে জানান, গণসচেতনতার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ প্রশাসন আজ সারাদেশে মাদক বিরোধী সমাবেশে ও র্যালীর আয়োজন করেছে। তারই অংশ হিসেবে লাকসামে এই আয়োজন।
ওসি বলেন, মাদক একটি সামাজিক ব্যধি ও ফৌজদারি অপরাধ। মাদকের করণে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। এতে কোনো ছাড় নেই। পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
সমাবেশের প্রধান অতিথি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি, লাকসাম সার্কেল) সনদ বড়ুয়া, বলেন, কেবলমাত্র আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। এক্ষেত্রে প্রথমত পরিবার এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক পরিবারের অভিভাবক এবং সমাজিক নেতৃবৃন্দ একটু সচেতন হলে মাদক নির্মূল করা সম্ভব।
সমাবেশে ইউএনও নার্গিস সুলতানা বলেন, তরুণ ও যুবরা আমাদের সম্পদ। তাদেরকে সুস্থ্যভাবে বেড়ে ওঠতে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ প্রদান করতে হবে এবং যে কোনও মূল্যে মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে সন্তানদের সঙ্গে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ভূমিকা রাখতে হবে।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, "যে মুখে মা ডাক-সে মুখে মাদক নয়"। এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে আমাদের তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। প্রত্যেক পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ অব্যাহত রাখতে হবে।
সমাবেশ শেষে বিশাল একটি মাদক বিরোধী র্যালী বের করা হয়। র্যালীটি পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের প্রধান সড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাস হয়ে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।