কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে এবং মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি সংলগ্ন মহাসড়কে সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ওসি যোগদানের পর থেকে উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয়েছে। মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার এই নিরপেক্ষ ও সৎ ভূমিকার কারণে স্বার্থান্বেষী ও অপরাধী গোষ্ঠী তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে প্রপাগান্ডা ছড়াচ্ছে।
মানববন্ধনে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন বলেন, লোহাজুরিতে একটি হত্যা কান্ড নিয়ে কিছু স্বার্থন্বেষী কুচক্রি মহল মডেল থানার একজন চৌকস, সাহসী ও সৎ ওসির বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু বলেন, উপজেলা প্রত্যেক এলাকায় যেভাবে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ওসি কাজ করছে। কুচক্রি মহলের এসব কর্মকান্ড সহ্য হচ্ছে না এবং আগে যেভাবে থানায় দালালী করতো এখন পারছে না বলে ওসির বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল বলেন, গত ১৭বছর যেভাবে রাজনৈতিক ফায়দা লুটার জন্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অর্থ বানিজ্য করতো সেটা এখন বন্ধ। ওসি বলেন দেন, যেটা সঠিক এবং সঠিক তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকেই মামলায় অভিযুক্ত করবেন। চাকরি চলে গেলেও রাজনৈতিক চাপ বা কাউকে খুশি করার উদ্দেশ্য কোন কাজ করবে না।
খলিলুর রহমান বলেন, সাধারণ মানুষসহ কারও কাছ থেকে থানায় জিডি কিংবা অভিযোগ দিতে কোন টাকা পয়সা নিয়েছে এমন নজির ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে নেই।
ওসি রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, রাতদিন পরিশ্রম করে যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন, যে-কোন অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাত ৩টা বাজলেও ফোন পেলে তিনি নিজে গিয়ে এর ব্যবস্থা নেন।
এসময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, পৌর যুবদলের আহবায়ক জিল্লুর রহমান , জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান,মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম উপজেলা ছাত্রদল সভাপতি তসরিফুল হাসিব, ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবুসহ বিভিন্ন পেশার মানুষজন।
বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।