হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, মোতায়েন তিন প্লাটুন বিজিবি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৩:৪৯
হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, মোতায়েন তিন প্লাটুন বিজিবি



এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি **তিন প্লাটুন বিজিবি** মোতায়েন করা হয়েছে।


বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক **ড. জি. এম. সরফরাজ** স্বাক্ষরিত এক আদেশে জরুরি ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়।


জেলা প্রশাসন জানায়, বুধবার হবিগঞ্জ শহরে এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছিল। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল ও যুবদলও পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিকে কেন্দ্র করে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।


আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং এবং উচ্চশব্দ সৃষ্টিকারী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।


মঙ্গলবার এনসিপির নেতাদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কর্মসূচিতে দলের আহ্বায়ক **নাহিদ ইসলাম**, সদস্যসচিব **আখতার হোসেন**, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক **হাসনাত আব্দুল্লাহ** এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক **সারজিস আলম** উপস্থিত থাকার কথা থাকলেও পরে দলটি সমাবেশ না করার সিদ্ধান্ত নেয়। তবে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।


অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান **তারেক রহমান**কে নিয়ে এনসিপির বিরুদ্ধে ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে বিএনপি, ছাত্রদল ও যুবদলও পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এদিকে, এনসিপির নেতারা অভিযোগ করেছেন, হবিগঞ্জে প্রবেশের পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশের সহায়তায় ট্রাক দিয়ে তাদের গাড়িবহরের পথ আটকে দেওয়া হয়।


জেলা যুবদলের আহ্বায়ক **জালাল আহমেদ** বলেন, ১৪৪ ধারা জারি হওয়ায় তারা আইন মেনে কর্মসূচি স্থগিত করেছেন। সদস্যসচিব **সফিকুর রহমান সেতু**ও বলেন, তারাও আইন মেনে চলবেন, তবে এনসিপি কর্মসূচি পালন করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন।


এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক **নাহিদ উদ্দিন তারেক** বলেন, দলটি ১৪৪ ধারা ভঙ্গ করবে না। তবে আগের দিনের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে সংবাদ সম্মেলন করবেন। তিনি আরও অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম বহরকে হবিগঞ্জে প্রবেশের পথে পুলিশ বাধা দিয়েছে।


হবিগঞ্জের পুলিশ সুপার **মো. তারেক মাহমুদ** জানান, ১৪৪ ধারা কার্যকর করতে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য