সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে স্বজনদের সহায়তায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক আসামি পরে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য দিয়েছেন। পালিয়ে যাওয়া ওই আসামির নাম আসির মিয়া (৩০)। তিনি উপজেলার দামোধরদীপি গ্রামের বাসিন্দা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান তিনি। এ ঘটনায় এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মারামারি মামলার এজাহারভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। তাকে থানায় নেওয়ার পথে তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার পর হাতকড়া পরা অবস্থাতেই ফেসবুক লাইভে আসেন আসির মিয়া। নিজেকে কনটেন্ট ক্রিয়েটর দাবি করে তিনি বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তিনি গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চেয়েছিলেন। তবে পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।
আসির মিয়ার অভিযোগ, এলাকার বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলায় প্রভাবশালী একটি মহল তার ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডাকাতির মামলা করেছে। পুলিশের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগও করেন তিনি।
তবে পুলিশের দাবি, আসির মিয়া মারামারি মামলার এজাহারভুক্ত আসামি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর স্বজনরা পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ ছিনিয়ে নেন। পরে আসামি ফেসবুকে লাইভ করেছেন।
ওসি বলেন, আসির মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে এবং শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।