বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকজন প্রতিবেশী নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করে ঘরের ভেতরে আরও দুজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, তিনটি মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে এ ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় এতদিন বিষয়টি কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।