দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার (১২ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি জানায়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা এবং ওই বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। এসব স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে শনিবার চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।
রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ঢাকা বোর্ডের পরীক্ষাও স্থগিত করার দাবি জানান অনেক শিক্ষার্থী ও অভিভাবক। একই সঙ্গে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার শঙ্কার কারণে সেখান থেকেও পরীক্ষা পেছানোর দাবি ওঠে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
তবে একই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।অনুযায়ী