সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুর্গম হাওরাঞ্চলের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করে নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত টাঙ্গুয়ার হাওর, শনির হাওর ও মাটিয়ান হাওরবেষ্টিত দক্ষিণ শ্রীপুর ও উত্তর শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ, পাটাবুকা, সোলেমানপুর ও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষা বিষয়ে ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা যাচাই করে তাদের শিখনমান মূল্যায়ন করেন।
শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার ঘাটতি কাটিয়ে তুলতে বিষয়ভিত্তিক ‘বেসিক ক্লাস’ চালুর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের পিছিয়ে থাকার বাস্তবতা থাকলেও সেটিকে অজুহাত হিসেবে গ্রহণ করা যাবে না। আগামী এক মাসের মধ্যে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনতে শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কাসরুজ্জামান কামরুল, পিটিআই সুপার দীপঙ্কর মোহন্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস এবং তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।