উজানের ঢল ও বৃষ্টিতে ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 11 Jul 2026, 11:00 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
উজানের ঢল ও বৃষ্টিতে ৫ জেলায় আবারও বন্যার আশঙ্কা

উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের পাঁচ জেলায় নিম্নাঞ্চলে আবারও স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্ভাব্য বন্যা মোকাবিলায় নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে পাউবো।

এদিকে দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনা খাবার মজুত এবং প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেসব স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল রয়েছে, সেগুলো মেরামতের কাজ চলমান রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের তালুক শিমুলবাড়ী ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগামী কয়েক দিনে বন্যা পরিস্থিতির ঝুঁকি বাড়াতে পারে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য