প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনগণকে অগ্রাধিকার দেওয়ার যে অঙ্গীকার তিনি করেছেন, সেই অনুযায়ী সরকার কাজ করছে।
তবে সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাকে ব্যর্থ করতে নানা ধরনের চক্রান্ত করা হয়েছিল। এখনো একই ধরনের চক্রান্ত চলছে।
তিনি বলেন, সরকার দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় কাজ করছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।