শেষ হচ্ছে না জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। বরং দর্শকদের জন্য আসছে নতুন পর্ব। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে সিরিজটির নতুন পর্ব।
এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনের অবসান হলো।
বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির পছন্দের এই বাংলা অ্যানিমেশন সিরিজ। টেলিভিশনের জন্য নির্মিত সিরিজটি কৃষ্ণনগরের লোককথার জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে ঘিরে তৈরি।
ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আটে প্রচারের পর থেকেই এটি ছোট-বড় সব বয়সী দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিরিজটি বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে হতাশ হয়ে পড়েন এর অসংখ্য ভক্ত।
তবে শেষ পর্যন্ত জানা গেল, খবরটি সত্য নয়। বরং নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘গোপাল ভাঁড়’।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ প্রচারণামূলক পোস্ট প্রকাশ করে সনি আট কর্তৃপক্ষ। সেখানে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়ে জানানো হয়, ১৫ আগস্ট সকাল ১১টায় সনি আটে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচার হবে।
প্রকাশিত পোস্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে গোপাল ভাঁড়কে। পোস্টারজুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা দিবসের আবহ।
এরপর নতুন পর্বের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে চ্যানেলটি। সেখানে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।
চ্যানেলটির প্রচারণামূলক ভিডিওতে বলা হয়েছে, স্বাধীনতা দিবসে স্বদেশপ্রেমের আবহে গোপালের বুদ্ধির প্যাঁচে শত্রুকে নাকাল করার গল্পে হাসির আমেজে কাটবে শনিবার সকাল। এ আয়োজন চলবে টানা ছয় ঘণ্টা।
চ্যানেল কর্তৃপক্ষের ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার খবরটি ভিত্তিহীন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছড়িয়ে পড়া সেই গুঞ্জনে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, নতুন পর্বের ঘোষণায় তাদের জন্য এসেছে স্বস্তির খবর।
১৫ আগস্ট সকাল ১১টা থেকে টানা ছয় ঘণ্টা ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্বে আবারও হাসি, বুদ্ধি আর মজার গল্পে মাতবেন দর্শকেরা।