ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক সমস্যা নেই বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচামরিচের দামও শিগগির সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন।
বিদ্যুতের অতিরিক্ত বিলের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে।